আলেপ্পো দখলের পর অগ্রসর হচ্ছে সিরিয়ার বিদ্রোহীরা, রাশিয়ার অব্যাহত বিমান হামলা

 যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখল করার পর আরও অগ্রসর হয়েছে। এ পরিস্থিতিতে রোববার বিদ্রোহীদের লক্ষ্য করে রাশিয়া অব্যাহত বিমান হামলা চালিয়েছে।

এসওএইচআর জানায়, আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

তাছাড়া, ইদলিবের উত্তর-পশ্চিমাঞ্চলে এক হামলায় আরও আটজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

এছাড়া, ইদলিবের গ্রামীণ অঞ্চল ও হামা প্রদেশের বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোকেও যুদ্ধবিমান দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথমবার সরকার আলেপ্পোর ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে।

বুধবার শুরু হওয়া বিদ্রোহীদের এই বিস্ময়কর অভিযান সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের উদাহরণ।

অভিযানের নেতৃত্বে রয়েছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। তাদের সঙ্গে তুরস্ক সমর্থিত কয়েকটি উপদলও যুক্ত রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, এ পর্যন্ত সংঘর্ষে ২০ জন বেসামরিক নাগরিকসহ তিনশোরও বেশি মানুষ নিহত হয়েছেন।

Comments