আসিয়ান সদস্যপদে ইন্দোনেশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

 প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশের জন্য ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেছেন।

রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় অধ্যাপক ইউনূস আসিয়ানের সদস্যপদে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসার সুযোগ বৃদ্ধি করতে অনুরোধ জানান।


প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, "আমি আশা করি, ইন্দোনেশিয়া আমাদের আসিয়ানের সদস্যপদ পেতে সহায়তা করবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। উল্লেখ্য, জানুয়ারিতে মালয়েশিয়া আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করবে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মি. সুবোলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন। তিনি বলেন, ইন্দোনেশিয়া আসিয়ান সদস্যপদের বিষয়ে বাংলাদেশের আবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে, যা উভয় দেশের জন্য লাভজনক হবে।


এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করার অনুমোদন দিয়েছেন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা এবং সুরক্ষা সেবা বিভাগের কাজের পরিধি ও জনস্বার্থের কথা বিবেচনা করে এই সমন্বয় সাধন করা হচ্ছে।

বর্তমানে জননিরাপত্তা বিভাগের অধীনে রয়েছে পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোর্ট গার্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Comments