নেতানিয়াহুর প্রধান সহযোগী গ্রেপ্তার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শীর্ষ এক সহযোগীকে বিদেশি গণমাধ্যমে গোপন তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
বিরোধী নেতাদের দাবি, ফাঁস হওয়া এই তথ্যে আসলে ‘ভুয়া’ খবর ছড়ানো হয়েছে, যা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির সম্ভাব্য চুক্তিকে নস্যাৎ করার চক্রান্তের অংশ। অভিযোগের মূলকেন্দ্রে রয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় বিদেশি গণমাধ্যমে এমন তথ্য ছড়িয়েছে যে হামাস মিসরীয় সীমান্ত দিয়ে গাজা থেকে জিম্মিদের পাচারের পরিকল্পনা করছে।
আদালতের নথি অনুসারে, গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে এলিজার ফেল্ডস্টেইন নামের একজন রয়েছেন, যাকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করেছেন বিরোধী নেতারা।
একটি আদালতের আদেশে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর সিস্টেম থেকে নেওয়া গোপন তথ্য অবৈধভাবে প্রকাশ করা হয়েছে, যা হামাসের হাতে বন্দি থাকা ব্যক্তিদের মুক্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সিএনএন ফেল্ডস্টেইনের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও এখনো সফল হয়নি। অন্যদিকে নেতানিয়াহুর মুখপাত্র তথ্য ফাঁসের ঘটনা অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, জিজ্ঞাসাবাদ করা ওই ব্যক্তি কখনোই নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় অংশ নেননি।
বিরোধী নেতা ইয়ার লাপিদ অভিযোগ করেন, জিম্মি মুক্তি চুক্তি ব্যাহত করতে নেতানিয়াহুর কার্যালয় জাল নথি ফাঁস করেছে। গাজায় বন্দি থাকা ব্যক্তিদের পরিবার নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ প্রলম্বিত করার অভিযোগ আনছে, কারণ এতে তিনি নতুন নির্বাচন এড়াতে পারেন।
Comments
Post a Comment