ইসরায়েলকে কঠোর জবাবের হুমকি ইরানের

 

ইসরায়েলের হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

গতকাল শনিবার আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরান ও তার মিত্রদের ওপর যে হামলা হয়েছে, তার বদলা তেহরান নেবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসকদের জানা উচিত যে তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে।

গত ২৬ অক্টোবর ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, এতে চারজন নিহত হন। এর আগে ১ অক্টোবর ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ হামলার জবাব হিসেবে ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর ঘোষণা দেয়।

এদিকে, ২৬ অক্টোবরের হামলার প্রতিক্রিয়ায় ইরানকে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন; এর মাত্র কিছুদিন আগে ইরানের এমন হুমকি এসেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, এবং ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারীও যুক্তরাষ্ট্র।

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল লাগাতার হামলা চালিয়ে আসছে। এই গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েল বর্তমানে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে এবং সেখানে স্থল অভিযানও পরিচালনা করছে। গাজাভিত্তিক হামাস এবং লেবাননের হিজবুল্লাহ উভয়েই ইরানের মিত্র।

Comments